
এই খবরে বলা হয়েছে, ভুয়া তথ্য দিয়ে জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম দিয়েছেন— এমন অভিযোগ যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে ডেকে নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন।
ভুয়া আহত প্রমাণের জন্য তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। অনেকে দাবি করেন, এ নিয়ে স্বীকারোক্তি নেয়ার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসের শেষের দিকের কক্ষে তাদেরকে নির্যাতন চালানো হয়।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশন কর্মকর্তা সাইদুর রহমান শাহীদ মানবজমিনকে বলেছেন, আমরা অর্থ সহায়তা দেয়া শুরু করলে, বিভিন্ন কারণে আন্দোলনের আহত ও নিহতদের পরিবারের সদস্যগণ ফাউন্ডেশনে আসতো। তখন ভুয়া আহতদের দেখলে অনেক প্রকৃত আহতরা তেড়ে আসতো, তাদের সঙ্গে ঔদ্ধত্য আচরণ করতো। সুতরাং এসব ভুয়া আহতদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আমরা ফাউন্ডেশনের বোর্ড রুমের পেছনে যে রুমগুলো আছে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করতাম।
তিনি আরও যোগ করেন, সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল। কখনও যদি কারও সঙ্গে ঔদ্ধত্য আচরণ করা হয়ে থাকে, এটি দুঃখজনক ঘটনা। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।
জুলাই ফাউন্ডেশনে গোপন সেলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। কেউ নির্যাতনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে।
তবে কখন-কীভাবে গণভোট হবে, সেই প্রশ্নে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
এই অবস্থায় সনদ বাস্তবায়নের একাধিক বিকল্প প্রস্তাবসহ মূল সনদ সরকারের কাছে পাঠানোর কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
এদিকে, একই দিনে গণভোট ও সংসদ নির্বাচনের পক্ষে বিএনপি। জামায়াতের অবস্থান এর বিপরীত, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোটের দাবি জানিয়েছে দলটি।
অন্যদিকে, এখনই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘এখনই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। কারণ পরবর্তী সরকার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তা বাদ দিতে পারে। তাই জনগণের অভিপ্রায় অনুযায়ী এ সরকারকেই বিষয়টি সমাধান করতে হবে।’

এই প্রতিবেদনে বলা হয়েছে, নাজমুল হাসান পাপনদের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যে একতরফা, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখা গেছে; সেটি থেকে বেরিয়ে এবার অন্তত একটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছিল দেশের ক্রিকেট।
কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো।
এবার বিসিবির নির্বাচনের মোড়কে সরকার বনাম বিএনপির এই প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছে একপেশে লড়াইয়ে। অনেকে নির্বাচিত হতে চলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নাম লিখিয়েও শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। আবার কেউ কেউ ঘোষণা দিলেন ব্যালটে নাম থাকলেও নির্বাচিত হলে বোর্ডে যোগ দেবেন না, আইনি জটিলতা— সবমিলিয়ে পুরো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ আর বিতর্কিত করতে আর কী লাগে!
অথচ শুরুতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গিয়েছিল এই নির্বাচনে। কিন্তু সময় গড়াতে তা কমে গেছে।
নির্বাচনের গতিপথেই পরিষ্কার আমিনুল ইসলাম বুলবুলই আবার হতে যাচ্ছেন বিসিবির সভাপতি।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির জন্য বাংলাদেশকে মেনে নিতে হয়েছে অর্ধশতাধিক শর্ত। তা পূরণ করতে গিয়ে দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়।
বেসরকারি খাতে বিনিয়োগ সংকুচিত হয়ে বেকারত্ব বেড়েছে।
এদিকে, আইএমএফের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়া দেশগুলোতে কর্মসংস্থানের ওপর কী প্রভাব পড়েছে এ নিয়ে গবেষণা করেছেন দুই গ্রিক অর্থনীতিবিদ মাইকেল ক্লেটসস ও আন্দ্রেয়াস সিন্টোস।
ওই গবেষণায় দেখা যায়, কঠোর শর্তযুক্ত এ ঋণ গ্রহণকারী দেশগুলোয় বেকারত্ব বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং শ্রমবাজারে অনিশ্চয়তা গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।
তবে আইএমএফের ঋণ কর্মসূচির কারণে বাংলাদেশে বেকারত্ব বেড়েছে বলে মনে করছেন না অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
তার মতে, ২০১৬-১৭ সালের পর থেকেই এমনটি দেখা যাচ্ছে। এটিকে মধ্যম আয়ের ফাঁদ হিসেবে অভিহিত করা যায়।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী মনে করেন, সরকার আইএমএফকে খুশি করতে গিয়ে সবকিছু বিসর্জন দিচ্ছে।
বাংলাদেশি অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুনের ভাষ্য হলো, ‘এটি অস্বীকার করার উপায় নেই যে অনেক দেশেই আইএমএফের ঋণ কর্মসূচির ফলাফল ভালো হয়নি। তবে এটিও দেখতে হবে, কখন একটি দেশ আইএমএফের দ্বারস্থ হয়। আমরা দেখছি, কোনও দেশ তখনই আইএমএফের ঋণের ওপর নির্ভরশীল হয়, যখন সে দেশের সামনে কোনও বিকল্প থাকে না।’

এই খবরে বলা হয়েছে, পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই- তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত হয়েছেন বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন।
টিটিপিতে বাংলাদেশি তরুণদের যোগদান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে।
ফয়সালের মতো আরও কেউ টিটিপিতে যোগ দেয়ার মতো পরিকল্পনা করলে তাদের খুঁজে বের করে প্রতিরোধের কথাও বলা হয়।
ইসলামের প্রকৃত আদর্শ ও ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরার ব্যবস্থা করার পরামর্শ আসে বৈঠকে।
ইসলামের সঠিক বয়ানের মধ্য দিয়ে তরুণদের বিপথে যাওয়া মোকাবেলায় ইসলামী দলগুলোকে কাজে লাগানোর কথাও বলা হয়।
এছাড়া, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির প্রসঙ্গও বৈঠকে আলোচনা হয়।

এতে বলা হয়েছে, বান্দরবানের বিভিন্ন সীমান্তপথ ও টেকনাফে আরাকান আর্মির সদস্যদের চলাচল বেড়েছে অনেক।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী পাহাড়ি উপজাতিদের আরাকান আর্মি মিয়ানমারে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। পরে তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে।
গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, এই সব কার্যক্রমের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রভাবশালী দু’টি দেশ মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের পার্বত্যাঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মিকে সহযোগিতা করছে।
সীমান্ত নিয়ন্ত্রণে নিলে বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার করা সহজ হবে, এমন ধারণা থেকেই তাদের এই পরিকল্পনা।

প্রথম আলোর প্রথম পাতার সংবাদ— যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় নির্বিচার হামলা।
এতে বলা হয়েছে, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ ঘিরে আলোচনার মধ্যেই উপতক্যাটিতে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল।
২৪ ঘণ্টায় গাজায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
পুরো উপত্যকাজুড়ে ইসরায়েলের যুদ্ধবিমান ও ট্যাংক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অসহায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গুলি করা হচ্ছে।
গাজায় সংঘাত বন্ধে গত ২৯ সেপ্টেম্বর ২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। এর কিছু শর্তে ফিলিস্তিনি সংগঠন হামাস রাজি হওয়ার পর গাজায় বোমাবর্ষণ না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।
এদিকে, যুদ্ধবিরতির বিষয়ে আজ সোমবার থেকে মিসরে আলোচনা শুরুর কথা রয়েছে। তবে এ আলোচনায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা মুখোমুখি হবেন না।
গত দুই বছরে যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও ট্রাম্পের প্রস্তাব ঘিরে এবারের আলোচনাকে উল্লেখযোগ্য মনে করা হচ্ছে।
যদিও এই আলোচনার মধ্যে ইসরায়েলের হামলায় হতাশাও দেখা দিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এর মধ্যে গত শনিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে অন্তত ৪৯২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

চব্বিশের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছে এই খবরে।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাঙ্গণ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এ নিয়ে তিনি বলেছেন, আমাদের কাছে এনডিএম নামের একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন হিসেবে বিচারের দাবি জানিয়ে অভিযোগ দাখিল করেছে।
অভিযোগটি গুরুত্বের সঙ্গে যাচাইবাছাই করা হচ্ছে এবং অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে যাচ্ছি— যোগ করেন তাজুল ইসলাম।

Dengue outbreak: 9 dead, over 1,000 cases in one day; অর্থাৎ ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, আক্রান্ত এক হাজার। দ্য ডেইলি স্টারের শেষ পাতার খবর এটি।
এতে বলা হয়েছে, একদিনে আরও অন্তত এক হাজার ৪২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
একই সময়ে ডেঙ্গু কেড়ে নিয়েছে ৯ জনের প্রাণ। যা এই বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
এ নিয়ে পঁচিশে ডেঙ্গুতে মারা গেলেন ২১২ জন এবং রোগীর সংখ্যা প্রায় অর্ধ লাখের কাছাকাছি পৌঁছে গেছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা দেরিতে চিকিৎসা নিতে আসায় চিকিৎসকেরা উদ্বেগ প্রকাশ করেছেন।
রাজধানীর শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এইচ এম নাজমুল আহসান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গত সপ্তাহে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
জরুরি ব্যবস্থা না নিলে রোগী ও মৃত্যুর হার আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

