হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত হয়েছে হলিউডের তারকা নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের শেষ ধাপে রয়েছে। এরই মধ্যে সিনেমাটির কাস্টিং ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক!
এবার সেই বিতর্কের মধ্যেই নোলানকে সমালোচনার মুখে ফেলেছেন টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক।
নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ সিনেমায় হেলেন অব ট্রয় চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং’ও। তিনি কৃষ্ণাঙ্গ হওয়ায় এই কাস্টিং নিয়েই বিতর্কের সূত্রপাত।
এই খবর সামনে আসার পর এক্স-এ এক ব্যবহারকারী লেখেন,“হেলেন অব ট্রয় ছিলেন ফর্সা ত্বকের, স্বর্ণকেশী এবং ‘যার সৌন্দর্যে হাজারো জাহাজ যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেছিল’। এমন কাস্টিং গল্পের মূল ভাবনাকেই অসংলগ্ন করে তোলে এবং এটি লেখকের প্রতি অবমাননাকর।”
ওই পোস্টে সম্মতি জানান ইলন মাস্কও। তার মতে, এ ধরনের কাস্টিং গল্পের ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপটের সঙ্গে সাংঘর্ষিক! এরজন্য তিনি নোলানের সমালোচনাও করেন।
তবে মাস্কের এই মন্তব্যে একমত নন অনেকেই। পাল্টা মত দিয়ে একাধিক ব্যবহারকারী বলেন, ‘দ্য ওডিসি’ একটি পৌরাণিক কাহিনি, যার সঙ্গে বাস্তব ইতিহাসের সরাসরি কোনো প্রমাণ নেই। একজন লেখেন,“হেলেন অব ট্রয় আদৌ বাস্তবে ছিলেন- এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। সুতরাং তিনি যে কোনো বর্ণের হতে পারেন।”
ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ সিনেমায় লুপিতা ছাড়াও অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জন বার্নথাল, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, চার্লিজ থেরন, অ্যান হ্যাথাওয়ে, মিয়া গথ ও বেনি সাফদি।
কাস্টিং নিয়ে বিতর্কের মাঝেও নোলান জানিয়েছেন, সিনেমাটি নির্ধারিত সময়েই মুক্তি পাবে। আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দ্য ওডিসি’-এর। হাঙ্গামা এক্সপ্রেস


