পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলার ১নম্বর মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাফায়েত হোসেন শাহীনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।
এ বিষয়ে সরদার সাফায়েত হোসেন শাহীন বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ভবিষ্যতে উনার স্বপ্নপূরণে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই। এছাড়াও বহিস্কারাদেশ প্রত্যাহার করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
