খবরঅনলাইন ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ দেওয়া হল পাঁচ জনকে। এঁদের মধ্যে বলিউডের ‘হি-ম্যান’ অভিনেতা ধর্মেন্দ্র এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন পেলেন মরণোত্তর পদ্মবিভূষণ।
পদ্মবিভূষণ প্রাপকদের তালিকায় আরও রয়েছেন—
কে টি থমাস (জনসংযোগ ও জনপরিষেবা), প্রখ্যাত শাস্ত্রীয় বেহালাবাদক এন রাজম (শিল্পকলা) এবং পি নারায়ণন (সাহিত্য ও শিক্ষা)।
পদ্ম পুরস্কার তিনটি বিভাগে প্রদান করা হয়—পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই পুরস্কারগুলি শিল্পকলা, সমাজসেবা, জনপরিষেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া এবং সিভিল সার্ভিস—সহ নানাবিধ ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়। প্রতি বছর দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান তুলে দেওয়া হয়। এ বছর পাঁচ জন পদ্মবিভূষণ ছাড়াও, পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ১৩ জন। আর ১১৩ জনকে পদ্মশ্রী দেওয়া হল। মোট ১৬টি পুরস্কার মরণোত্তর। ১৯ জন মহিলা এই সম্মানে ভূষিত হয়েছে। যাঁরা সম্মানিত হলেন তাঁদের মধ্যে ৬ জন বিদেশি/এনআরআই (নন-রেসিডেন্ট ইন্ডিয়ান)/পিআইও (পার্সন অফ ইন্ডিয়ান ওরিজিন)/ওসিআই (ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া)।
পদ্মভূষণ প্রাপকদের মধ্যে মামুট্টি, অলকা ইয়াগনিক
কেরলের বিশিষ্ট অভিনেতা মামুট্টি এবং বিশিষ্ট সংগীতশিল্পী অলকা ইয়াগনিক পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন।
এ ছাড়াও এ বছর যাঁরা পদ্মভূষণ পেলেন তাঁদের মধ্যে রয়েছেন বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পীযূষ পাণ্ডে, শিল্পপতি উদয় কোটক, কেরলের সমাজনেতা বেল্লাপল্লি নটেশন, বিজেপি নেতা ভি কে মলহোত্র, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগৎ সিংহ কোশিয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত ক্যানসার চিকিৎসক ডা. নোরি দত্তাত্রেয়ুডু প্রমুখ।
পদ্মশ্রী প্রাপকদের মধ্যে আর কারা রয়েছেন
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, প্রাক্তন পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং টলিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও আরও ১১০ জন এ বছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য –
প্রাক্তন ইউজিসি চেয়ারম্যান মামিদালা জগদেশ কুমার, প্রয়াত অভিনেতা সতীশ শাহ, মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া, প্রখ্যাত মঞ্চ অভিনেতা অনিল কুমার রস্তোগী, বর্ষীয়ান হকি কোচ বলদেব সিংহ, কুচিপুড়ি নৃত্যশিল্পী দীপিকা রেড্ডী প্রমুখ।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ্ম পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে এক্স (প্রাক্তন টুইটার)-এ লিখেছেন –
“দেশের জন্য তাঁদের অসামান্য অবদানে সকল পদ্ম পুরস্কার প্রাপককে অভিনন্দন। তাঁদের উৎকর্ষ, নিষ্ঠা ও সেবা আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
