আসামে পাশ হল বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজ্যের বিধানসভায় বিলটি পাশ হয়। এতে বহুবিবাহ এখন ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এই বিল পাশের পরই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ইঙ্গিত দেন।
মুখ্যমন্ত্রী বলেন, বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল পাশের মাধ্যমে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে এক ধাপ এগিয়ে গেলাম। আগামী নির্বাচনে যদি আমাদের দল আবার ক্ষমতায় আসে, তবে আমরা অভিন্ন দেওয়ানি বিধিও বিধানসভায় পাশ করাব।
গত মঙ্গলবার বিধানসভায় এই বিল পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন বিরোধী দলের সদস্যরা ওয়াক আউট করেন। বৃহস্পতিবার পুনরায় আলোচনার পর বিলটি পাশ হয়।
এই বিল ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা বাদে সারা রাজ্যেই প্রযোজ্য হবে। সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত তফসিলি জাতি ও জনজাতি সদস্যরাও এই বিলের আওতার বাইরে রাখা হয়েছে।
বিল অনুযায়ী, কেউ একটি বিবাহ থাকা সত্ত্বেও আরেকটি বিয়ে করলে তিনি সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। বহুবিবাহ লুকানোর চেষ্টা করলে সাজা হতে পারে ১০ বছর পর্যন্ত। এছাড়া বিবাহপ্রক্রিয়ায় জড়িত কাজি, পুরোহিত, গ্রামপ্রধান, পিতামাতা বা আইনি পরামর্শদাতারাও শাস্তির আওতায় আসবে।
বিল পাশের পর মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ ও বহুবিবাহ মুসলিম সমাজের নারীদের জন্য অভিশাপস্বরূপ। দেশের নাগরিক হিসেবে তারাও মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার রাখেন। কিন্তু এই রীতিগুলো তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করছে।
