এক মাসের বিরতির পর সোমবার পর্দা উঠছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) তৃতীয় রাউন্ডের। আর শুরুতেই জমে উঠছে উত্তেজনা—কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশের দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।
লিগ টেবিলের একেবারে নিচের দিকে অবস্থান দুই দলেরই। তিন ম্যাচে দু’পক্ষের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট করে। ফলে রোমাঞ্চকর এ ঢাকা ডার্বি রূপ নিয়েছে টিকে থাকার লড়াইয়ে—যে দল হারবে, তার পথ আরও কঠিন হয়ে যাবে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন হয়েও অস্থিরতার মধ্যে ডার্বিতে নামছে মোহামেডান। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আর্থিক সংকট, খেলোয়াড়দের বেতন-ভাতা বকেয়া, অনিয়মিত অনুশীলন—সব মিলিয়ে ক্লাব পরিস্থিতি খুবই খারাপ। এমনকি এক পর্যায়ে কিছু ফুটবলার মাঠে নামতেও অনিচ্ছা প্রকাশ করেন; শেষ পর্যন্ত ব্যবস্থাপনার অনুরোধে রাজি হন।
কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘জিততে মাঠে নামব ঠিকই, কিন্তু প্রস্তুতি মোটেও ভালো নয়—একেবারে সাধারণ মানের। খেলোয়াড়রা ঠিকমতো অনুশীলন করতে পারেনি। তাদের বেতন-ভাতা হয়নি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে—টাকা কোথায় পাব?’
মাঠের ফলও সেভাবেই। প্রথম ম্যাচে ২–০ গোলে হারের পর পরের ম্যাচে পুলিশ এফসির সঙ্গে ১–১ ড্র—লিগ টেবিলের একেবারে তলানিতে অবস্থান সাদা-কালোদের।
অন্যদিকে, এখনো জয়ের মুখ না দেখা আবাহনীও ডার্বিকে দেখছে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে। দলের তরুণ তারকা শেখ মোরসালিন বলেন, ‘লিগে এখনো জিতিনি। মোহামেডানের বিপক্ষে প্রথম জয়টাই চাই।’ তিনি আরও জানান, ‘দলে দুই নতুন বিদেশি এসেছে। আমরা মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত। মোহামেডানকে হারানো আমাদের জন্য বাড়তি কিছু।’
আরেকদিকে, একটি জয় ও একটি ড্র নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংস সোমবার জিতলে টেবিলের শীর্ষে উঠবে।
আজ ২:৪৫ মিনিটে একযোগে চার ম্যাচ
মোহামেডান বনাম আবাহনী- কুমিল্লা
ফর্টিস এফসি বনাম বাংলাদেশ পুলিশ – কিংস এরিনা
আরামবাগ বনাম বসুন্ধরা কিংস – মানিকগঞ্জ
ব্রাদার্স ইউনিয়ন বনাম ফকিরেরপুল ইয়াংমেনস– মুন্সীগঞ্জ
