যুক্তরাজ্যজুড়ে হঠাৎ নেমে আসা তীব্র শীত আর ভারী তুষারঝড় জনজীবন কার্যত বিপর্যস্ত করে দিয়েছে। দেশজুড়ে বরফাচ্ছন্ন পরিস্থিতির কারণে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, আর ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে বহু এলাকায় এখনো নিরবচ্ছিন্ন পরিষেবা বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু। তাদের তথ্য অনুযায়ী, বুধবার রাত থেকে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। এরপর আবহাওয়া অধিদপ্তর একাধিক সতর্কতা জারি করে জানায়—আগামী কয়েক ঘণ্টায় আবারও থান্ডারস্নো হানা দিতে পারে, যা তুষারসহ বজ্রপাতের বিরল আবহাওয়াজনিত ঘটনা।

যুক্তরাজ্যের বহু এলাকায় তুষার ও বরফ জমে যাওয়ার কারণে অতিরিক্ত ইয়েলো ওয়ার্নিং জারি আছে। বিবিসির তথ্য বলছে, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও আরও বহু স্কুল আজ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারেনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বরফে ঢেকে যাওয়া সড়ক ও ভারী তুষারপাত যাতায়াতকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। অনেক স্কুলে বিদ্যুৎ সমস্যার কারণে গরমের ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়নি—ফলে ক্লাস নেওয়া যায়নি।

ওয়েলসের পশ্চিমাঞ্চলে রাতের তুষার ও বরফ জমে শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উত্তর ইংল্যান্ডের কিছু এলাকায় আরও কঠোর অ্যাম্বার ওয়ার্নিং বলবৎ আছে, বিশেষ করে উত্তর ইয়র্কশায়ারে। সেখানে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও বাড়ছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে। এতে বলা হয়েছে—তীব্র ঠান্ডায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আরও তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, যা শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা—এবারের ঠান্ডা প্রবাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

সংবাদমাধ্যমগুলো বলছে, গত রাতটি ছিল চলতি শীত মৌসুমে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, ফলে বিশাল অঞ্চলজুড়ে তীব্র শীত আর ঘন কুয়াশার দাপট দেখা গেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *