কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। শনিবার সকালে শহরের পারদ ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রাও ২৬.৫ ডিগ্রির বেশি ওঠেনি, সেটিও স্বাভাবিকের তুলনায় কম। এর ফলে শহরজুড়ে নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
শুধু কলকাতা নয়, উত্তর থেকে দক্ষিণ— রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। ঠান্ডার তীব্রতায় উত্তরের কালিম্পংয়ের তাপমাত্রার সঙ্গে প্রায় পাল্লা দিচ্ছে নদিয়ার কল্যাণী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভোরের দিকে কলকাতার কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই কুয়াশার প্রভাব কমলেও উত্তরবঙ্গে সতর্কতা বজায় রয়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। ঘন কুয়াশার পূর্বাভাস আপাতত নেই। রাজ্যের সর্বত্র আবহাওয়া মূলত শুকনো থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।
– বিজ্ঞাপন –
আবহবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দু’ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তারপর বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে রোদের তাপে তা কিছুটা কমে যাবে।
শীতের এটাই শেষ দফা। আগামী ২-৩ দিন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তারপর বাড়বে। বাড়বে মানে গরম পড়বে না কিন্তু। বসন্তের স্বাভাবিক আবহাওয়া আসবে। দিনের তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসে উঠবে, ভোরের তাপমাত্রা থাকবে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। উত্তুরে হাওয়ার বদলে বইতে শুরু করবে দখিনা বাতাস।
