ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। কলকাতায় দিনের পর দিন ১৫–১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ঘোরাফেরা করছে পারদ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কবে থেকে নামবে শীত? এই আবহেই আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিল, এখনই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। উল্টে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া দফতরের মতে, অসম ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীর অঞ্চলেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের উপর সক্রিয় রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। বুধবার নতুন করে আরেকটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতির জেরেই আগামী পাঁচ থেকে সাত দিনে বাংলায় শীতের দাপট বাড়ার তেমন কোনও ইঙ্গিত নেই

হাওয়া অফিস জানিয়েছে, রাত ও ভোরের দিকে শীতের হালকা আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরে তা সামান্য বেড়ে দাঁড়ায় ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। উত্তরের পাঁচ জেলায় সমতলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকাগুলিতে পারদ নেমে যেতে পারে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার ভোরে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫.৫ ডিগ্রি, কোচবিহারে ৯.৬, জলপাইগুড়িতে ১০.৭, আলিপুরদুয়ারে এবং কালিম্পঙে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

সব মিলিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়েও রাজ্যে জাঁকিয়ে শীতের অপেক্ষাই করতে হচ্ছে বঙ্গবাসীকে। আপাতত রাত-ভোরের হালকা শীতেই সন্তুষ্ট থাকতে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *