টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে আটক হয়েছেন সাত জেলে।
বুধবার (২৯ অক্টোবর) টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
টেকনাফের কে কে পাড়ার জেলে ইমাম হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের কে কে পাড়া ঘাট থেকে কয়েকটি ট্রলার মাছ ধরতে সাগরে যায়। পরে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে। আটক জেলেদের ট্রলার ও মাছও নিয়ে যায় তারা।
মিয়ানমারের সংবাদমাধ্যম ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের উপকূলীয় নিরাপত্তা বাহিনীর একটি উপ-ইউনিট কাঠের নৌকায় টহল দেয়। টহল দেওয়া শুরু করা হয় ও মাছ ধরার জন্য আসা অবৈধভাবে আরাকান জলসীমায় প্রবেশকারী নৌকাগুলিকে আটক করা হয়।
ওই টহল চলাকালীন রাতে টেকনাফ থেকে আসা একটি কাঠের নৌকা উপকূল রেখা থেকে প্রায় ২ দশমিক ১৪ কিলোমিটার পশ্চিমে আরাকান অঞ্চলের মংডু টাউনশিপের কাছে সাগরে মাছ শিকার করতে দেখা যায়। এসময় মাছ ধরার নৌকাটিসহ সাত জেলেকে আটক করা হয়।
এ বিষয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, টেকনাফ কে কে পাড়ার শাওন মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে সাত জেলে আটক হয়েছে।
