খবর অনলাইন ডেস্ক: আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ ২০২৬-এ প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল ইংল্যান্ড। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে আয়োজিত গ্রুপ-২-এর ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে ইংল্যান্ড। এই নিয়ে টানা পঞ্চমবার তারা টি২০ বিশ্বকাপের শেষ চারে উঠল।

অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) অসাধারণ ব্যাটিং করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। তিনি ৫১ বলে ১০০ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান এবং টি২০ বিশ্বকাপ ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শতরান করার নজির গড়েন।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের একসময় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫৮ রান। চাপে পড়ে যায় তারা। কিন্তু ব্রুকের ১০টা চার ও ৪টে ছক্কায় গড়া শতরানে ভর করে ৫ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।

গ্রুপ-২-এর অবস্থা

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইংল্যান্ড গ্রুপ-২ থেকে সেমিফাইনালে উঠে গেল। অন্য দিকে ২টি ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে কিছুটা চাপে পড়ে গেল পাকিস্তান। তাদের খেলা বাকি শ্রীলঙ্কার সঙ্গে। গ্রুপের বাকি দুটি দলের মধ্যে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ পয়েন্ট এবং শ্রীলঙ্কার খাতা এখনও খোলেনি।

সেঞ্চুরি করার পরে হ্যারি ব্রুককে জড়িয়ে ধরলেন উইল জ্যাক্স। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।

পাকিস্তানের ইনিংস

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। জোফ্রা আর্চারের গতির কাছে হার মেনে গতিতে সাইম আইয়ুব আউট হন এবং অধিনায়ক সালমান আঘাা উইকেট হারান লিয়াম ডসনের বলে। এর পর বাবর আজম (২৫) ও ফখর জামানের (২৫) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেন ফরহান। তাঁরা আউট হয়ে যাওয়ার পরেও লড়াই চালিয়ে যান ফরহান।

ফরহান ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৩ রান করেন (৭ চার, ২ ছক্কা)। তবে শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে পাকিস্তান ৪ উইকেটে ১২২ থেকে ৮ উইকেটে ১৪৯-এ পৌঁছোয় এবং শেষ পর্যন্ত ১৬৪ রান তোলে। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ডসন ২৪ রানে ৩ উইকেট দখল করে সবচেয়ে সফল বোলার হন। আর আর্চার ও ওভারটন নেন দুটি করে উইকেট।

ইংল্যান্ডের রান তাড়া

ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদি আউট করেন ফিল সল্টকে। এর পর একই ধাঁচে ফেরান জোস বাটলার এবং জ্যাকব বেথেলকেও। পাওয়ারপ্লের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৫৩ রান। পরে প্রথম বলেই উইকেট নেন উসমান তারিক, আউট হন টম ব্যান্টন।এর পর ব্রুক ও স্যাম কুরান ৪৫ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। পরে উইল জ্যাক্স-এর সঙ্গে ৫২ রানের জুটি ম্যাচ পাকিস্তানের হাত থেকে বের করে নেন ব্রুক।

ব্রুক ছক্কা মেরে শতরান পূর্ণ করেন। তিনি আউট হওয়ার সময় ইংল্যান্ড ছিল ৬ উইকেটে ১৫৫ রান। শেষ দিকে নাটকীয়তা তৈরি হলেও আর্চারের বাউন্ডারিতে জয় নিশ্চিত হয়। ৩০ রানে ৪ উইকেট দখল করে আফ্রিদি পাকিস্তানের সেরা বোলার হন। এ ছাড়া মহম্মদ নওয়াজ ও তারিক দুটি করে উইকেট নেন।

চাপের মধ্যে অধিনায়ক ব্রুকের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংস ইংল্যান্ডকে শুধু ম্যাচ জেতায়নি, সেমিফাইনালেও পৌঁছে দিয়েছে। স্বাভাবিক ভাবেই এ দিন তিনিই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *