খবর অনলাইন ডেস্ক: চলতি পুরুষদের টি২০ বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। রবিবার কলম্বোয় মুখোমুখি হওয়ার আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন, ওপেনার অভিষেক শর্মা ও বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব প্রায় নিশ্চিত ভাবেই খেলবেন। তবে ম্যাচের আগে হ্যান্ডশেক হবে কি না, সে বিষয়ে তিনি রহস্য বজায় রেখেছেন।

সংবাদ সম্মেলনে সূর্যকুমার মজার ছলে বলেন, পাকিস্তান অধিনায়ক যদি অভিষেককে খেলতে চান, তা হলে তাঁরা অবশ্যই খেলাবেন। এতে স্পষ্ট হয়ে যায়, অসুস্থতা কাটিয়ে অভিষেক শর্মার দলে ফেরা প্রায় নিশ্চিত।

একই ভাবে কুলদীপ যাদবকে নিয়েও তিনি হাস্যরস করে বলেন, “আপনারা যদি চান, তা হলে সে খেলবে,” — যা থেকে তাঁর অন্তর্ভুক্তি নিয়েও জোরালো ইঙ্গিত পাওয়া যায়।

– বিজ্ঞাপন –

ম্যাচের আগে দুই দলের মধ্যে করমর্দন হবে কি না, সে বিষয়ে সরাসরি কিছু না বলে সূর্যকুমার বলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন।” ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।

দলের সতীর্থদের কী পরামর্শ দিচ্ছেন অধিনায়ক? ছবি ‘X’ থেকে নেওয়া।

পাকিস্তানের স্পিনার উসমান তারিকের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা হলেও সূর্যকুমার বলেন, তাঁরা কোনও ভাবেই প্রস্তুতি ছাড়া নামবেন না। তাঁর ভাষায়, “সিলেবাসের বাইরে প্রশ্ন এলেও ছাড়া যায় না।”

টুর্নামেন্টে ভারতের ব্যাটিং কিছুটা ধাক্কা খেয়েছে বলে স্বীকার করেছেন সূর্যকুমার। তিনি বলেন, শুরুটা খারাপ হলেও দল ভালো ভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেদের শক্তির উপরই ফোকাস থাকবে।

পাক অধিনায়ক সলমন আঘা কী বললেন

পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা বলেছেন, ম্যাচটি ভালো স্পিরিটে হওয়া উচিত। তিনি স্বীকার করেছেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড ভালো নয়, তবে এবার ভালো পারফরম্যান্সের আশাবাদী।

তারকা ব্যাটার বাবর আজমের ফর্ম নিয়ে কোনও উদ্বেগ নেই বলেও জানান তিনি। উসমান তারিকের অ্যাকশন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আইসিসি ইতিমধ্যেই তাঁকে ক্লিয়ার করেছে এবং দল এ বিষয়ে চিন্তিত নয়।

ভারত যদি রাজি থাকে তা হলে পাকিস্তান তাদের সঙ্গে হ্যান্ডশেক করবে কি না জানতে চাওয়া হলে আঘা বলেন, “কাল দেখব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *