কয়েকদিনের ঝড়-বৃষ্টির দাপট কাটিয়ে রাজ্যে ফের বাড়তে চলেছে গরমের প্রকোপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে আগামী কয়েক দিনে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

ইতিমধ্যেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও তার পরবর্তী চার দিনে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে গরমের অস্বস্তি দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও এই গরমের মাঝেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে এখনও কিছুটা ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে রবিবারের পর উত্তরবঙ্গেও আবহাওয়া পরিষ্কার হবে এবং তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৮.৭ ডিগ্রি কম। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার প্রবণতা শুরু হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আপাতত কালবৈশাখীর সম্ভাবনা কম। ফলে আগামী কয়েক দিনে গরম ও আর্দ্রতার অস্বস্তিই প্রধান সমস্যা হয়ে উঠতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *