এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ ব্যাংক নগদ লেনদেনে জনসাধারণকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বা ডিজিটাল পদ্ধতিতে করার অনুরোধ জানিয়েছে।

সামাজিক মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় জাল নোটের ব্যাপক প্রবেশ নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বুধবার ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে বিপুল পরিমাণে নোট দেশের মধ্যে প্রবেশ করেছে-এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল নোটের বিস্তার রোধ ও এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতন এবং নিয়মিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে আসছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নগদ লেনদেনে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে এবং জাল নোট প্রতিরোধে কয়েকটি নির্দেশনা দিয়েছে। নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখার উপযুক্ততা যাচাই করতে বলা হয়েছে।

একই সঙ্গে বড় অঙ্কের লেনদেনসমূহ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার এবং নগদ লেনদেনে যেখানে সম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কেউ সন্দেহজনক নোট পায় বা এ সংক্রান্ত কোনো তথ্য জানতে পারে, তবে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার অনুরোধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *