একটি দেয়ালে শেখ হাসিনা ও হুসেইন মুহাম্মদ এরশাদের ছবিসহ নির্বাচনি ব্যানার যেখানে লাঙলে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে, সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন বোরকা পরা এক নারী

ছবির উৎস, DESHAKALYAN CHOWDHURY

ছবির ক্যাপশান, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেই গত কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত, তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি।

অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। তারা বলছে, শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে ‘গ্রিন সিগন্যাল’ মেলে, তাহলে জোরেসোরে মাঠে নামবে তারা।

দলটির ইচ্ছা- এককভাবে নির্বাচনের চাইতে জোটগতভাবে ভোটে অংশ নেওয়া। সেক্ষেত্রে বিএনপি কিংবা জামায়াতে ইসলামী যে কোনো একটি দলের সাথে জোটে যেতেও আগ্রহী দলটি।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেন, “জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে”।

দলটি মনে করছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো যে ধোঁয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে। তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *