চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ সোমবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে হারিয়েছে বাংলাদেশকে। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লের ৬ ওভারে তুলেছিল বিনা উইকেটে ৩৫ রান। শেষ পর্যন্ত তারা বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দেয়। সেই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে উল্টো পথে হাঁটে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে বাংলাদেশ তোলে ৪২ রান তবে হারায় ৪ উইকেট।
তানজিদ (১৫), সাইফ (৮), লিটন (৫) ও শামীম হোসেন (১) আউট হন। ব্যক্তিগত ৫ রান করে বোল্ড হন নুরুল হাসান সোহানও। তাতে দলীয় ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে।
১০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৩। শেষ ১০ ওভারে বাংলাদেশের দরকার হয় ১০৩ রান, হাতে ৫ উইকেট। ওভারপ্রতি ১০.৩ করে রান তুলতে হতো।
২ চারে ২৫ বলে ২৮ রান করে তাওহীদ হৃদয় আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ষষ্ঠ উইকেটে ২০ রানের জুটি ভাঙে। এরপর তানজিম সাকিব ও নাসুম আহমেদ জুটি গড়েন। তারা দ্রুত রান তোলার চেষ্টা করেন। ইনিংসের ১৪তম ওভারে ১৮ এবং ১৫তম ওভারে ১৩ রান আসে।
তাতে শেষ ৫ ওভারে বাংলাদেশের দরকার হয় ৫৫ রানের। তবে ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করে তানজিম ফিরলে ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি ভাঙে। এরপরও জয়ের আশাটা বাঁচিয়ে রেখেছিলেন নাসুম ও রিশাদ। তবে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন নাসুম। ৩ চার ও ১ ছক্কায় ১৩ বলে ২০ রান করেন তিনি।
পরের ২০ বলে ৪৩ রানের সমীকরণটা আর মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ২০ রান।
বোলিংয়ে আসা শেফার্ড প্রথম ৩ বলে দেন ৩ রান। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাসকিন। কিন্তু এর আগেই করে ফেলেন বড় ভুল।
ক্রিজের একটু বেশিই ভেতরে ঢুকে গিয়ে শটটা খেলেছিলেন তাসকিন। শট খেলার আগেই তাঁর জুতা লেগেছিল স্টাম্পে। শট খেলার ঝাঁকুনিতে এরপর স্টাম্প থেকে পড়ে যায় একটি বেল।
তাসকিনের হিট আউটে অলআউট হয়ে যায় বাংলাদেশ ১৪৯ রানে।
