কলকাতা: আশঙ্কা ছিলই। এ বার সত্যি ভারতীয় বোর্ডের বার্ষিক চুক্তিতে দু’ধাপ নামলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এর আগের চুক্তিতে তাঁরা ছিলেন এ প্লাস গ্রেডে। নতুন চুক্তিতে তাঁরা রয়েছেন গ্রেড বি-তে। ৩০ জন পুরুষ ক্রিকেটারের তালিকা থেকে বাদ পড়ে গেল মহম্মদ সামির নাম। রাখা হয়েছে স্রেফ তিনটি গ্রেড – এ, বি ও সি। গ্রেড এ প্লাস বিভাগ তুলেই দিল বিসিসিআই। এ গ্রেডে রাখা হল তিনজনকে— যশপ্রীত বুমরা, শুভমন গিল ও রবীন্দ্র জাডেজাকে। শুধুমাত্র ওয়ান ডে খেলার জন্য রো-কোকে গ্রেড এ-তে রাখেনি বোর্ড। রোহিত, কোহলি-সহ ১১ জন ক্রিকেটার রয়েছেন গ্রেড বি-তে। গ্রেড সি-তে রয়েছেন ১৫ জন ক্রিকেটার।

এ প্লাস বিভাগে থাকা ক্রিকেটারেরা এতদিন বছরে পেতেন ৭ কোটি টাকা। এ, বি, সি – তিন গ্রেডের ক্রিকেটারেরা এবার থেকে বছরে পাবেন ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি টাকা করে। বি গ্রেডে রয়েছেন সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থের মতো তারকারা। সি গ্রেডে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষিত রানা, অভিষেক শর্মা, সাই সুদর্শন, আকাশ দীপ প্রমুখ। মেয়েদের এ বিভাগে রয়েছেন স্মৃতি মন্ধানা, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা। বাংলার মেয়ে রিচা ঘোষ রয়েছেন বি ক্যাটেগরিতে।

সম্প্রতি টি-টোয়েন্টি দলে ফিরেছেন ঈশান কিষান। তিনিও বোর্ডের বার্ষিক চুক্তিতে জায়গা পাননি। মহম্মদ সামিকে কোনও ক্যাটাগরিতেই রাখা হয়নি। গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর সেই অর্থে জাতীয় দলের হয়ে সুযোগ পাননি সামি। সম্প্রতি বাংলার হয়ে রঞ্জি খেলছেন তিনি। এই ম্যাচ দেখতে এসেছিলেন নির্বাচক আরপি সিংহ। ম্যাচের পর সামির সঙ্গে বহুক্ষণ কথা হয়েছে তাঁর। এই চুক্তির নবীকরণের পর জাতীয় দলে তাঁর ফেরা নিয়ে প্রশ্ন উঠে গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *