কলকাতা: লেন্সের ভাষায় ফুটে ওঠে সমাজের দর্পণ। সেই সত্যকে সামনে রেখেই ফের একবার শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। ‘কলকাতা ফোটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (Kolkata Photojournalists Association)-এর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বর্ষের সরস্বতী পুজো এবং আলোকচিত্র প্রদর্শনী। এবারের প্রদর্শনীর শিরোনাম— ‘চিত্র যেথা ভয়শূন্য’।
২২ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ২টায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন অরূপ বিশ্বাস। প্রদর্শনীটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। কলকাতার এসপ্ল্যানেড ইস্টের সিধো কানহো ডহর-এ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীর ভাবনা আয়োজকদের কথায়, এই প্রদর্শনী কেবল ছবি দেখা নয়, এটি জ্ঞান, শিল্প এবং চেতনার এক সঙ্গম। চিত্রসাংবাদিকতার ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে এই প্রদর্শনী প্রশ্ন তোলে এবং বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সমাজের যে সত্য শব্দের আগে কথা বলে, লেন্সের মাধ্যমে সেই মুহূর্তগুলিকেই দর্শকদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে ।
সংগঠনের সভাপতি শ্যামল মৈত্র এবং সম্পাদক পিন্টু প্রধান সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের আশা, মানুষের উপস্থিতি তাঁদের এই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে ।
