দেশে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত বা অযথা অতিরিক্ত বুকিং রুখতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এলপিজি সিলিন্ডার রিফিল বুকিংয়ের ন্যূনতম অপেক্ষার সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। সরকারি সূত্রকে উদ্ধত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল রান্নার গ্যাসের সমবণ্টন নিশ্চিত করা এবং মজুতদারি রোধ করা।
সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশের কোথাও পেট্রল বা ডিজেলের সরবরাহে কোনও ঘাটতি নেই। সব পেট্রল পাম্পেই পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৩০ মার্কিন ডলারের নিচে থাকলে দেশে পেট্রল ও ডিজেলের দামে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১০০ ডলার প্রতি ব্যারেলের আশপাশে ঘোরাফেরা করছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হলেও ভারত ইতিমধ্যেই বিকল্প পথ দিয়ে অপরিশোধিত তেল আমদানির ব্যবস্থা জোরদার করেছে বলে সূত্রের খবর। এর ফলে জ্বালানি সরবরাহে কোনও সমস্যা হওয়ার আশঙ্কা আপাতত নেই।
এছাড়া সরকার জানিয়েছে, দেশে এভিয়েশন টারবাইন ফুয়েল বা বিমান জ্বালানিরও পর্যাপ্ত মজুত রয়েছে। শুধু দেশেই উৎপাদন নয়, ভারত এভিয়েশন ফুয়েলের অন্যতম রফতানিকারক দেশও। ফলে বিমান জ্বালানির ঘাটতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন কর্মকর্তারা।
সরকারি সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ভারত অনেক দেশের তুলনায় অনেক বেশি প্রস্তুত। এমনকি বেশ কয়েকটি দেশ ভারতের কাছে তাদের জ্বালানি মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছে।
