ঢাকা থেকে আল আমিন
বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক। বিশেষ করে তাঁর হৃদ্যন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। চিকিৎসক দল জানিয়েছে, খালেদা জিয়ার এক অঙ্গে সামান্য উন্নতি হলে অন্য অঙ্গে জটিলতা বাড়ছে—ফলে তাঁর অবস্থা কয়েক দিন ধরেই উদ্বেগজনকভাবে ওঠানামা করছে।
তবে চিকিৎসকেরা এতটুকু আশাবাদী যে তিনি বর্তমানে দেওয়া ওষুধ গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করার পর তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়েন করা হয়। হাসপাতাল চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার খোঁজখবর নেন।
হাসপাতালে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাঁকে সরাসরি খালেদা জিয়ার কেবিনে নিয়ে যান।
এরপর খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. জাফর ইকবাল তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ক্রমশ জটিল হয়ে ওঠা শারীরিক পরিস্থিতির কারণে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণ বজায় রেখেছেন।
পরিবার, দল এবং দেশের নানা স্তরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে।
