গরমের মরসুমকে সামনে রেখে ভারতের কুলিং বাজারে বড়সড় পদক্ষেপ নিল ব্লু স্টার লিমিটেড। ২০২৬ সালের গ্রীষ্মের জন্য ১২৫টি নতুন রুম এয়ার কন্ডিশনার মডেল লঞ্চ করেছে সংস্থাটি।
কোম্পানি জানিয়েছে, নতুন এই পোর্টফোলিওতে রয়েছে ইনভার্টার, ফিক্সড-স্পিড এবং উইন্ডো—তিন ধরনের এসি, যা বিভিন্ন বাজেট ও গ্রাহক চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মধ্যে ‘আইকোনিয়া’ নামে একটি প্রিমিয়াম সিরিজও রয়েছে, যা আধুনিক ডিজাইন ও উন্নত প্রযুক্তির জন্য বিশেষভাবে আকর্ষণীয়।
সব মডেলই ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE)-র নতুন মানদণ্ড মেনে তৈরি, যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। কোম্পানির দাবি, তাদের ‘সুপার এনার্জি-এফিশিয়েন্ট’ এসি-তে ব্যবহৃত ডায়নামিক ড্রাইভ প্রযুক্তি কম বিদ্যুৎ খরচে বেশি কুলিং নিশ্চিত করে।
এর পাশাপাশি ‘হেভি-ডিউটি’ এসি ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও কার্যকর কুলিং দিতে সক্ষম। আবার ‘হট অ্যান্ড কোল্ড’ মডেলগুলি সারা বছর ব্যবহারযোগ্য। ‘অ্যান্টি-ভাইরাস’ প্রযুক্তি যুক্ত এসিগুলি ঘরের বায়ুর গুণমান উন্নত করতেও সাহায্য করবে বলে জানিয়েছে সংস্থা।
এই নতুন রেঞ্জের প্রায় ৫০টি মডেলে স্মার্ট ওয়াই-ফাই ফিচার রয়েছে, যার মাধ্যমে এআই-নির্ভর কুলিং, ভয়েস কমান্ড এবং এনার্জি ম্যানেজমেন্টের সুবিধা পাওয়া যাবে।
শুধু পণ্য নয়, উৎপাদন ক্ষেত্রেও জোর দিচ্ছে ব্লু স্টার। বর্তমানে কোম্পানির উৎপাদন ক্ষমতা ১.৪ মিলিয়ন ইউনিট, যা প্রয়োজনে ১.৮ মিলিয়ন ইউনিট পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্ধ্রপ্রদেশের শ্রী সিটি ও হিমাচল প্রদেশে আধুনিক প্ল্যান্টের মাধ্যমে এই উৎপাদন চালানো হচ্ছে।
কোম্পানির মতে, দেশে ক্রমবর্ধমান নগরায়ন, বাড়তি আয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসি-র চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে প্রায় ১৪ মিলিয়ন ইউনিটের বাজার ২০৩০ সালের মধ্যে ৩০ মিলিয়নে পৌঁছতে পারে বলে অনুমান।
ব্লু স্টারের ম্যানেজিং ডিরেক্টর বি থিয়াগরাজন জানান, আগামী দিনে ভারতে প্রায় ১৫০ মিলিয়ন পরিবারের এসি কেনার সামর্থ্য তৈরি হবে, যা এই বাজারের বিপুল সম্ভাবনার ইঙ্গিত দেয়।
গ্রাহকদের সুবিধার জন্য সংস্থা ইনভার্টার কম্প্রেসরে আজীবন ওয়ারেন্টি এবং আকর্ষণীয় ফাইন্যান্সিং সুবিধাও দিচ্ছে।
সব মিলিয়ে, ক্রমবর্ধমান চাহিদার বাজারে প্রযুক্তিনির্ভর ও এনার্জি-এফিশিয়েন্ট পণ্যের মাধ্যমে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে ব্লু স্টার।
আরও পড়ুন: পয়লা বৈশাখে লাল-পাড় সাদা শাড়ির নতুন রূপ, তানায়রার বিশেষ কালেকশন নজর কাড়ছে
