বছরের শেষ দিনে শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা। পাঁচ বছরে এমন শীত আর দেখা যায়নি—জানাচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিঙে পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের সর্বনিম্ন। উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিও জমে যাচ্ছেন মানুষ। শ্রীনিকেতন, সিউড়ি, আসানসোল, নদিয়া–রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৬-৮ ডিগ্রির ঘরে নেমে ঠান্ডা আরও তীব্র হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙেও হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা—দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার পর্যন্ত।
দক্ষিণবঙ্গে কোথায় কত তাপমাত্রা?
- শ্রীনিকেতন: সাড়ে ৬°C
- কল্যাণী: ৭°C
- সিউড়ি: ৭.২°C
- আসানসোল: ৭.৮°C
- বাঁকুড়া: ৮°C
- ব্যারাকপুর: ৮.৬°C
- দিঘা: ১০°C
- ডায়মন্ড হারবার: ১০.১°C
- কাঁথি: ১০.৫°C
কলকাতায়ও শীতের প্রভাব তীব্র। বুধবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরসুমের সর্বনিম্ন। দমদমে ১০ ডিগ্রি, সল্টলেকে ১১.৪ এবং হলদিয়ায় ১১.২ ডিগ্রি নথিভুক্ত হয়েছে।
আগামী দিনে কী বলছে হাওয়া অফিস?
- দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
- এরপর ২-৩ ডিগ্রি পারদ বাড়ার সম্ভাবনা
- তবে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের নয়
- উত্তরবঙ্গে আবারও ২-৩ ডিগ্রি কমতে পারে পারদ
উত্তুরে হাওয়ার বাধাহীন প্রবেশ, শুকনো আবহাওয়া এবং রাতের বেলায় দ্রুত তাপমাত্রা পতন—সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই বড়সড় ঠান্ডার জেরে কাঁপতে চলেছে গোটা বাংলা।
