জাপানি প্রযোজনা সংস্থা টোহো এন্টারটেইনমেন্টস নিয়ে আসছে ‘গডজিলা’ সিরিজের নতুন জাপানি সংস্করণ। সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত নতুন ইউটিউব টিজার ভিডিওতে ছবির লোগো উন্মোচনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর সরাসরি সিকুয়েল হবে এই নতুন ছবি। পরিচালনা, চিত্রনাট্য এবং ভিজ্যুয়াল এফেক্টের দায়িত্বে পুনরায় থাকছেন তাকাশি ইয়ামাজাকি।
টিজার ভিডিওতে আগের ছবির লোগো পরিবর্তনের মাধ্যমে নতুন শিরোনাম প্রকাশ করা হয়েছে, সঙ্গে থ্রিলিং কাইজু পদধ্বনির শব্দ যুক্ত হয়েছে, যা গল্পের ধারাবাহিকতা এবং স্বর ফুটিয়ে তোলে। পূর্বের কিস্তির মতোই যুদ্ধোত্তর জাপানের কুয়াশাচ্ছন্ন কঠিন পরিবেশে গল্প এগিয়ে যাবে। এই সিরিজের চিরপরিচিত আবেগ ও ধ্বংসাত্মক শক্তির সংমিশ্রণও বজায় থাকবে।
মুক্তির তারিখ এখনও ঘোষণা না হলেও, ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি । কারণ গডজিলার জাপানি সংস্করণের চলচ্চিত্রগুলো হলিউডের গডজিলা ছবির সাথে একই বছরে মুক্তি দেওয়া হয় না। ৯০-এর দশকের পর প্রথমবারের মতো একই পরিচালক জাপানি লাইভ-অ্যাকশন গডজিলা সিরিজের দুটি ছবি পরিচালনা করছেন।
