মঙ্গলবার ভোরে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। বাতিল হয়েছে মঙ্গলবারের দুই ম্যাচ, যা মাঠে গড়াবে বুধবার। বিকেলে খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আমিনুল ইসলাম বলেছেন, ‘১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমাদের কয়েকটা সংবর্ধনা দেয়া হয়েছিল। সেই সংবর্ধনার একটা অংশ হিসেবে তৎকালীন বিএনপি একটা সংবর্ধনা দিয়েছিল মিন্টু রোডে। আমি সহ-অধিনায়ক ছিলাম তখন।’
‘ডায়াসে উঠে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে একটা ভুল বক্তব্য দিয়েছিলাম, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। বলার পর পুরো স্টেজ চুপ হয়ে ছিল৷ আমি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান ছিল, ওটাই আমার শেষ অনুষ্ঠান ছিল। ক্রিকেটে সার্কের যেসব ইভেন্ট হতো, সেখানে আমরা ভালো খেললে তিনি আমাদের অফিসে দাওয়াত দিতেন। জীবনের সবচেয়ে বড় যে পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার, সেটা আমার গলায় তিনি পরিয়ে দিয়েছিলেন। আমরা সকলেই তার বিদায়ে শোকাহত। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক, তাকে বেহেশত নসিব করুক। তার পরিবার-পরিজনকে এই শোকবহনের ক্ষমতা দেন৷’
‘ব্যক্তিগতভাবে দুবার কথা হয়েছে। একবার যখন মেডেল পেয়েছিলাম৷ তখন আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। আরেকবার, আইসিসি ট্রফির ওই সংবর্ধনার পর আমাদের ডিনারে নিয়ে যাওয়া হয়, সেখানে খেলাধুলা নিয়ে কথা হয়েছিল।’
ক্রিকেটে খালেদা জিয়ার সমর্থন নিয়ে আমিনুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আজকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ সবসময় সব সরকারই সমর্থন করেছিল। সেই সময়টার (খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন) কথা বেশি মনে পড়ছে, ২০০৪ সালে বাংলাদেশ একটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল৷ তখন বেশকিছু ভেন্যু তৈরি হয়েছিল। এর মধ্যে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামও একটা। আমি তখন খেলোয়াড় ছিলাম, যতটুকু জানতাম, খেলোয়াড় হিসেবে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার ছিল, তার সময়ে পেয়েছিলাম।’
নিয়মিত সূচিতে বুধবার কোন ম্যাচ না থাকায় এ দিন মঙ্গলবারের স্থগিত হওয়া ম্যাচ। খালেদা জিয়ার জানাজা পর বিকেল ৩টায় সিলেট টাইটানসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসে। আর রাত ৮টায় হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ।


