গত ৩০ ডিসেম্বর ভোরে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে পুরো দেশ-বিদেশের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছিল ক্রীড়াঙ্গনেও। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে এবার শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের কাছে শোকবার্তা পাঠিয়েছে ফিফা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাফুফে। ফিফা সভাপতির শোকবার্তার কথা জানিয়ে বাফুফে জানায়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সভাপতি।’
‘ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়াল-এর কাছে পাঠানো এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।’
‘আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।’
শোকবার্তার জন্য ফিফার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বাফুফে জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই শোকবার্তার জন্য ফিফা প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।’
টানা ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর ভোর ৬টায় বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

