স্মার্টফোন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে দিনের অধিকাংশ সময় স্মার্টফোনে খুটুরখাটুর করেই কাটাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা। ক্লাসে একতৃতীয়াংশ সময় পড়ুয়ারা নিজেদের স্মার্টফোন ঘেঁটেই কাটাচ্ছে। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ইভা টেলজার ও ক্যাটলিন বার্নেল নামের ২ গবেষক এই গবেষণা চালান। JAMA Network Open নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।
গবেষণায় দেখা যায়, ক্লাসরুমে বারবার স্মার্টফোন নেড়েচেড়ে দেখতে গিয়ে পড়ুয়াদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে। নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকছে না। ২ সপ্তাহ ধরে পড়ুয়াদের ওপর গবেষণা চালান গবেষক ইভা টেলজার ও ক্যাটলিন বার্নেল। গবেষণায় অংশ নেওয়া প্রায় প্রতিটি পড়ুয়া দেখা গেছে স্কুল চলাকালীন গড়ে ২ ঘণ্টার বেশি সময় স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করে কাটিয়েছে। গড়ে ৬৪ বার স্মার্টফোন নাড়াচাড়া করে দেখেছে। উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা ঘণ্টায় গড়ে ২৩ মিনিট স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করেছে। নীচু ক্লাসের পড়ুয়ারা সেখানে একই সময় গড়ে ১২ মিনিট ধরে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করেছে।
সমীক্ষায় আরও দেখা গেছে, পড়াশোনা বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে নয়। স্কুল পড়ুয়ারা ক্লাসের মধ্যে বিনোদন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করেছে। স্মার্টফোনে থাকা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাপ ও বিনোদন সংক্রান্ত অ্যাপ ব্যবহার করতেই পড়ুয়ারা ৭০% স্মার্টফোন ব্যবহার করেছে। গবেষণায় বলা হয়েছে, স্কুলে ক্লাসের মধ্যে বারবার স্মার্টফোন নেড়েচেড়ে দেখার ফলে পড়ুয়াদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটেছে। বারবার স্মার্টফোন নেড়েচেড়ে দেখার ফলে আসল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতে কগনিটিভ কন্ট্রোল দুর্বল হয়ে গেছে। ফলে নিজের লক্ষ্যর দিকে স্থির থাকার মস্তিষ্কের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেছে। স্মার্টফোনের দিকে হাত বাড়ানোর ক্যুইক ইম্পাল্স দুর্বল হয়ে গেছে।
