ভারত: ৩৫৮-৫ (রুতুরাজ গায়কোয়াড় ১০৫, বিরাট কোহলি ১০২, কে এল রাহুল ৬৬ নট আউট, মার্কো জানসেন ২-৬৩, নান্ড্রে বার্গার ১-৪৩)
দক্ষিণ আফ্রিকা: ৩৬২-৬ (৪৯.২ ওভার) (আইডেন মার্করাম ১১০, ম্যাথু ব্রিৎস্কে ৬৮, ডিওয়াল্ড ব্রেভিস ৫৪, অর্শদীপ সিংহ ২-৫৪, প্রসিধ কৃষ্ণ ২-৮৫)
খবর অনলাইন ডেস্ক: রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটে-বলে রোমাঞ্চ ছড়াল ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলির ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি এবং রুতুরাজ গায়কোয়াড়ের প্রথম আন্তর্জাতিক শতকে ভর করে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত চার উইকেটে হেরে গেল ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় ফিরল। বুধবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন আইডেন মার্করাম।
জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোনোর জন্য রান তাড়া করতে নেমে অসাধারণ ব্যাটিং উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ভারতের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি। শতরানটি (৯৮ বলে ১১০ রান) গড়ে তোলেন দারুণ নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে। শুরুতে টেম্বা বাভুমার (৪৮ বলে ৪৬ রান) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটির পর ৫৩ রানে জীবন পান মার্করাম, যখন যশস্বী জয়সওয়াল লং অনে একটি সহজ ক্যাচ ফেলে দেন। ইনিংসের গতি ধরে রেখেই দলকে রান তাড়া করার ভিত গড়ে দেন তিনি।
লক্ষ্যমাত্রায় পৌঁছোনোর কাজ সারলেন ব্রেভিস-ব্রিৎস্কে
তাঁর বিদায়ের পর কাজের দায়িত্ব কাঁধে তুলে দায়িত্ব নেন তরুণ ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস (৩৪ বলে ৫৪ রান) এবং ম্যাথু ব্রিৎস্কে (৬৪ বলে ৬৮ রান)। দু’জনের ৯২ রানের জুটিতে ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে চলে যায়। শেষ দিকে করবিন বশ (২৯ নট আউট) ও কেশব মহারাজ (১০ নট আউট) নির্ধারিত ৫০ ওভারের ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যান।

দ্বিতীয় একদিনের ম্যাচেও সেঞ্চুরি করলেন বিরাট। ছবি BCCI ‘X’ তঘেকে নেওয়া।
ভারতীয় বোলাররা দিশেহারা
ভারতীয় বোলারদের জন্য রাতটি ছিল কঠিন। ভারী শিশিরে স্পিনাররা কার্যকারিতা হারান, আর পেসারদেরও লেংথ মিলছিল না। প্রসিদ্ধ কৃষ্ণ ১০ ওভারে ৭৯ রান দিলেও বাভুমাকে আউট করে একটি গুরুত্বপূর্ণ জুটি ভেঙেছিলেন। অর্শদীপ সিংহ (৫৪ রানে ২ উইকেট) শেষ দিকে কিছু সাফল্য পেলেও তা ম্যাচের ভাগ্য বদলানোর মতো যথেষ্ট ছিল না। হর্ষিত রানা (৭০ রান দিয়ে ১ উইকেট) ফেরান মার্করামকে।
সাড়ে ৩০০-এর বেশি রান করেও দ্বিতীয়বার হার
এর আগে ভারতীয় ব্যাটিং ছিল দারুণ। কোহলি (৯৩ বলে ১০২ রান) ও রুতুরাজ গায়কোয়াড় (৮৩ বলে ১০৫ রান) তৃতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে দলের লড়াই করার মতো রান সংগ্রহ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেটের জুটিতে এটিই ভারতের সর্বোচ্চ রান। অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রানে ইনিংসের শেষভাগে গতি বাড়ান।
তবে এত রান করেও জয়ের দেখা পেল না ভারত। এই নিয়ে দ্বিতীয়বার, সাড়ে ৩০০-এর বেশি রান করেও ওয়ানডেতে হারল ভারত। এর আগে ২০১৯ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল তারা।
শনিবার বিশাখাপত্তনমে তৃতীয় ও সিরিজ–নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন
বিরাটের ৫৩তম সেঞ্চুরি, সচিনের বিশ্ব রেকর্ডকে ছুঁতে আরও এক ধাপ এগোলেন
