বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি প্রীতি সিরিজ আয়োজন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। যে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শনিবার। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে উপদেষ্টাদের দলকে ৩-০ গোলে হারিয়েছেন কূটনীতিকরা। এর আগে জুনে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে উপদেষ্টাদের দল জিতেছিল ১-০ গোলে। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ডিসেম্বরে আয়োজিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
আজকের ম্যাচে উপদেষ্টাদের দলকে প্রতিনিধিত্ব করেন সরকারের তিন উপদেষ্টা- আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ম্যাচের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমরা কূটনীতিকদের সঙ্গে প্রথম ম্যাচে জিতেছিলাম। তবে আজকে কূটনীতিকরা জিতেছে। কারণ আমরা এটা খুবই হালকাভাবে নিয়েছিলাম। আমাদের নিয়মিত খেলোয়াড়দের তিনজন অনুপস্থিত ছিল। আমরা কোনো অনুশীলনও করিনি। আর ওদের খেলা দেখে বুঝেছি, ওরা অনেক অনুশীলন করে এসেছে। তৃতীয় ম্যাচ হবে ডিসেম্বরে। ইনশাআল্লাহ আমরা ওই ম্যাচে জিতব।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অনেকে বলতে পারেন কূটনীতিকদের সঙ্গে আমাদের এই আয়োজনটা কেন। সরকারের সঙ্গে কূটনীতিকদের সম্পর্ক সুন্দর করা একটা উদ্দেশ্য। অফিস কাজের বাইরে একটা আয়োজন। এর বাইরে শরীর চর্চার জন্যও এটা গুরুত্বপূর্ণ।’
আসিফ নজরুলের মতো ডিসেম্বরের সিরিজ নির্ধারণে ম্যাচে জয়ের আশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও, ‘আগের ম্যাচ এখানে হয়েছিল এবং আমরা জিতেছিলাম। তবে এই ম্যাচে আমাদের প্রস্তুতি ভালো ছিল না। আর ওরা আগের ম্যাচ হারায় এ ম্যাচে খুব সিরিয়াস ছিল। আশাকরি শেষ ম্যাচে আমরা জিতব।’
