লকাতা: দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখন কেবল নামমাত্র। শেষ রাত বা ভোরের দিকে সামান্য শিরশিরানি অনুভূত হলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত জাঁকিয়ে শীত ফেরার আর কোনো সম্ভাবনা নেই রাজ্যে। বরং দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ।

শুক্রবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের উপরে (২৬.৯ ডিগ্রি)। পরিসংখ্যান বলছে, কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শীতের প্রকোপ কমছে দ্রুত। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির গড় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। যার মধ্যে কল্যাণীতে ১৩ ডিগ্রি এবং বর্ধমান ও আসানসোলে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া ও কাঁথিতে পারদ ১৬ ডিগ্রির উপরে পৌঁছেছে।

উত্তরবঙ্গের চিত্রটিও খুব একটা আলাদা নয়। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির ঘরে থাকলেও, পাহাড়ের চূড়ায় এখনও শীতের কামড় বজায় রয়েছে। শুক্রবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, ভোরে হালকা কুয়াশা এবং বেলা বাড়লে ভ্যাপসা গরমের এই খামখেয়ালি আবহাওয়াতেই দিন কাটবে বঙ্গবাসীর। বসন্তের আগমনের আগেই শীতের এই বিদায় পর্ব এখন স্পষ্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *