মৌলভীবাজারের অন্যতম প্রধান কৃষিনির্ভর উপজেলা হচ্ছে কমলগঞ্জ। কৃষি ভাণ্ডার হিসেবে পরিচিত এই উপজেলায় প্রতি বছর রেকর্ড পরিমাণ আলু, টমেটো ও বিভিন্ন মৌসুমি সবজি উৎপাদিত হয়। কিন্তু দীর্ঘদিন থেকে এখানে একটি হিমাগার স্থাপিত না হওয়ায় চরম হতাশায় ভুগছেন স্থানীয় কৃষকরা। বারবার আশ্বাস আর ফাইলবন্দী প্রস্তাবনার বেড়াজালে আটকে আছে কৃষকদের এই প্রাণের দাবি। পচে নষ্ট হয় কষ্টার্জিত ফসল।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কমলগঞ্জের আদমপুর, মাধবপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার, পতনঊষার, কমলগঞ্জ সদর, রহিমপুর ইউনিয়নসহ পৌরসভায় বিপুল পরিমাণ সবজি চাষ হয়। তবে হিমাগার না থাকায় ফসল তোলার মৌসুমে কৃষক ন্যায্যমূল্য পান না। বাধ্য হয়ে কম দামে সবজি বিক্রি করতে হয়। নতুবা সংরক্ষণের অভাবে মাঠেই পচে যায় টন টন ফসল।

কৃষকদের অভিযোগ, সংরক্ষণের সুবিধা থাকলে তারা অফ-সিজনে ভালো দামে পণ্য বিক্রি করতে পারতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বিভিন্ন সময় সরকারি পর্যায়ে হিমাগার নির্মাণের জন্য জায়গা নির্বাচন ও প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে সেই ফাইল আর আলোর মুখ দেখেনি। কৃষকদের দাবির মুখে মাঝেমধ্যে আশার বাণী শোনানো হলেও বাস্তবে এর কোনো অগ্রগতি নেই।

টমোটো চাষী আব্দুল মতিন ও আব্দুল মন্নান জানান, আমরা হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ফসল ফলাই, কিন্তু রাখার জায়গা নেই বলে পানির দরে বিক্রি করতে হয়। একটা কোল্ড স্টোরেজ হলে আমাদের আর ঋণের জালে জড়াতে হতো না। ফসল মৌসুমে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে যায়। হিমাগারে রাখতে পারলে পরে লাভজনক দামে বিক্রি সম্ভব।

স্থানীয় আলু চাষি কয়েকজন জানান, বীজের জন্য তাদের পাশের উপজেলার ওপর নির্ভর করতে হয়। হিমাগার থাকলে তারা নিজেদের বীজ নিজেই সংরক্ষণ করতে পারতেন। হিমাগার থাকলে কৃষকরা বড় পরিসরে চাষাবাদে আগ্রহী হবেন, যা স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, কমলগঞ্জ উপজেলায় টমেটোসহ বিভিন্ন শাক সবজি উৎপাদন হয়। টমেটোসহ শাকসবজি পচনশীল হওয়ার হিমাগার অতীব জরুরি। এব্যাপারে সরকারিভাবে প্রস্তাবনা দেয়া আছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, কমলগঞ্জ উপজেলায় হিমাগার স্থাপনের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। তিনি জাতীয় নির্বাচনের পরপরই এ বিষয়ে উদ্যোগ নিবেন বলে জানিয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *