ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা শহরে মোট ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বিকালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাল (আজ বৃহস্পতিবার) বিসর্জনের দিনেও যাতে ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। কমিশনার আরও বলেন, এই দেশে শত শত বছর যাবৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই বোনের মত বসবাস করে আসছে।
এ সম্প্রীতি যাতে কোন ভাবেই বিনষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে নষ্ট না করে এ দিকে সকলকে খেয়াল রাখতে হবে।
