জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খোকন মিয়া নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (০৪ অক্টোবর) নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করে থানায় মামলা করলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) রাত ১০ টার দিকে ঈশ্বরগঞ্জের কর্মা গ্রামে হত্যার এ ঘটনা ঘটে।
নিহত খোকন মিয়া (৫৫) ওই এলাকার খোকন মিয়ার ছেলে।
গ্রেপ্তারা হলেন- সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলিকে (৩৫)।
নিহতের পরিবারের বরাতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রাতে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম, বাদল, মঞ্জু, মোসলেম, একলাস, রাসেল,হানিফ,সাকিবসহ ১৫ জনের সংঘবদ্ধ একটি দল ইজিবাইক চালক খোকন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধর করে একপর্যায়ে কুপিয়ে হত্যা করে চলে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নজরুল ইসলামের বাড়িতে গেলে তাদের বাড়ি তালাবন্ধ পাওয়া যায়। তাদের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে কল করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানান ওসি ওবায়দুল।
