ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা যে ক্রিকেট খেলে- সেটা ইদানিং জানতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দুই দল। টি-টোয়েন্টি ফরম্যাটের আন্তর্জাতিক এই সিরিজের প্রথম ম্যাচে ব্রাজিলকে ৩১ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।
স্থানীয় সময় গতকাল শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান তোলে ব্রাজিল। ৫৫ বলে ২ চার ১ ছক্কায় সর্বোচ্চ ৫১* রান করেন ওপেনার লুইস মোরাইস। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে আরেক ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান মি. এক্সট্রার। বাকি ৭ ব্যাটারের কেউ দুই অংকে যেতে পারেননি। আর্জেন্টিনার লুকাস রসি ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রানে ৩ উইকেট নেন।
রান তাড়ায় নেমে দুর্দান্ত সূচনা করে আর্জেন্টিনা। অধিনায়ক পেড্রো ব্যারন এবং আলেজান্দ্রো ফার্গুসন উপহার দেন ৯.৪ ওভারে ৭৪ রানের উদ্বোধনী জুটি। ব্যারন ৪২ বলে ৭ চার ১ ছক্কায় ৫৩ এবং ফার্গুসন ২৬ বলে ২৩ রান করেন। এরপর অ্যালান কির্শবাউম (১৭*) এবং ম্যানুয়েল ইতুর্বের (৮*) অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে ৩১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আর্জেন্টিনা। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন লুকাস রসি।
