এই খবরটি পডকাস্টে শুনুনঃ

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং ধসে ২২১ রানে থেমেছে টিম টাইগার্স। পরে বল হাতে ভালো করলেও স্বল্পপূঁজির ম্যাচটি নিজেদের করে নিতে পারেনি লাল-সবুজের দল। আফগানদের কাছে ৫ উইকেটে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৮.৫ ওভার ব্যাট করে ২২১ রানে থামে বাংলাদেশ। জবাবে নেমে ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।

রানতাড়ায় নেমে আফগান ব্যাটারদের মধ্যে ফিফটি করেছেন দুজন। রহমানুল্লাহ গুরবাজ ৭৬ বলে ৫০ এবং রহমত শাহ ৭০ বলে ৫০ রান করেন। ভালো করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ৬ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করেন।

বাকিদের মধ্যে হাশমতউল্লাহ শহিদি ৪৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ২৫ বলে ২৩ রান করেন ইব্রাহিম জাদরান।

বাংলাদেশ বোলারদের মধ্যে তানজিম সাকিব ৩ উইকেট নেন। তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২৫ রানে দুই ব্যাটারকে হারায়। ফিরে যান তানজিদ তামিম (১০) এবং নাজমুল হোসেন শান্ত (২)। দলীয় ৫৩ রানে সাইফ ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। ৩৭ বলে ২৬ রান করেন অভিষিক্ত সাইফ।

চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন হৃদয় ও মিরাজ। ১৫৪ রানে হৃদয় রানআউট হলে জুটি ভাঙে। ১ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করেন হৃদয়। দলীয় ১৭৫ রানে মিরাজও ফিরে যান। ১টি করে চার ও ছক্কায় বাংলাদেশ অধিনায়ক ৮৭ বলে ৬০ রান করেন।

এরপর দ্রুতই ফিরে যান জাকের আলি (১০), নুরুল হাসান সোহান (৭)। ১৯৫ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে তানজিম সাকিব ২৩ বলে ১৭ রান করেন। বাংলাদেশ থামে ২২১ রানে। তানভীর ৮ বলে ১১ রান করেন।

আফগান বোলারদের মধ্যে ওমরজাই ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। গজনাফর নেন দুটি উইকেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *