খবর অনলাইন ডেস্ক: দীর্ঘ প্রায় চার মাসের বিলম্ব কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (যুবভারতী ক্রীড়াঙ্গন) বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) মুখোমুখি হবে তিনবারের রানার্স-আপ কেরল ব্লাস্টার্স-এর (Kerala Blasters)।
এবারের আসর হবে সংক্ষিপ্ত আকারে। আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation, AIFF) সময়ের স্বল্পতার কারণে এক লেগের রাউন্ড-রবিন পদ্ধতি চালু করছে। ফলে হোম-অ্যাওয়ে দ্বিতীয় লেগ ও প্রচলিত প্লে-অফ পর্ব বাতিল করা হয়েছে। তিন মাসব্যাপী লিগ শেষে টেবিলের শীর্ষে থাকা দলই সরাসরি চ্যাম্পিয়ন হবে।
মেরিনার্স-এর আত্মবিশ্বাস, চ্যালেঞ্জে ব্লাস্টার্স
গতবারের চ্যাম্পিয়ন দলটির মূল কাঠামো প্রায় অক্ষত থাকায় মোহনবাগান সুপার জায়ান্টকে ফেভারিট ধরা হচ্ছে। দলের রক্ষণভাগে স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেড ও স্প্যানিশ আলবার্তো রদ্রিগেজ, আর আক্রমণে অস্ট্রেলিয়ান দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংস — সব মিলিয়ে বেশ স্থিতিশীল চেহারা মেরিনার্স শিবিরে।
– বিজ্ঞাপন –
অন্যদিকে কেরল ব্লাস্টার্স এ বার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না — কোলদো অবিয়েতা, দুসান লাগাতোর, হুয়ান রদ্রিগেজ, আদ্রিয়ান লুনা ও নোয়া সাদাউই দলে নেই। নতুন বিদেশি গিনির ডিফেন্ডার উমার বাহ, জার্মান মিডফিল্ডার মার্লন রুস-ত্রুজিল্লো ও ফরাসি ফরোয়ার্ড কেভিন ইয়োকে ভারতে তাঁদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবেন।
কেরল কোচ ডেভিড কাতালা ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা লিগের সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছি। তারা বর্তমান চ্যাম্পিয়ন। তবে ফুটবলে সবই সম্ভব। আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই নামব।”
মোহনবাগান কোচ সের্হিও লোবেরওঁ বলেন, “অনেক দিন অপেক্ষার পর অবশেষে মরশুম শুরু হচ্ছে। সামনে কঠিন চ্যালেঞ্জ, কিন্তু অজুহাত নয়, সমাধান খুঁজতেই আমরা মাঠে নামব।”

মোহনবাগানের কোচ সের্হিও লোবেরো, তার পাশে দিমিত্রি পেত্রাতোস।
গোয়ায় নতুন অধ্যায়: ইন্টার কাশীর আইএসএল অভিষেক
এ দিনই গোয়ার ফাতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়া (FC Goa) মুখোমুখি হবে ইন্টার কাশী এফসি (Inter Kashi FC)।
আই-লিগ ২০২৪-২৫ জিতে আইএসএলে উঠে আসা ইন্টার কাশী কোচ আন্তোনিও হাবাসের নেতৃত্বে নতুন যাত্রা শুরু করছে। তিনি বলেন, “প্রথম ইমপ্রেশন খুব গুরুত্বপূর্ণ। আমাদের ধাপে ধাপে এগোতে হবে, আর শুরুটা ভালো করাই লক্ষ্য।”
এফসি গোয়া ইতিমধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলে কিছু ম্যাচ প্র্যাকটিস পেয়েছে। কোচ মানোলো মার্কেস সতর্ক করে বলেন, “ইন্টার কাশী খুব ভালো দল এবং তাদের কোচ ভারতে অনেক কিছু জিতেছেন। জিততে হলে আমাদের পুরো স্কোয়াডকেই সেরা দিতে হবে।”
ছবি: সঞ্জয় হাজরা
