মোহনবাগান সুপার জায়ান্ট: ৫ (জেমি ম্যাকলারেন হ্যাটট্রিক-সহ ৪, আলবার্তো রদ্রিগুয়েজ)
ওড়িশা এফসি: ১ (রহিম আলি)
খবর অনলাইন ডেস্ক: আইএসএল-এ দাপুটে জয় বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের। শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে ওড়িশা এফসি-কে ৫-১ ব্যবধানে হারিয়ে দিল সবুজ-মেরুন বাহিনী। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন অসাধারণ পারফরম্যান্স করে চারটি গোল করেন এবং আইএসএলে নিজের প্রথম হ্যাটট্রিকও সম্পূর্ণ করেন। দলের হয়ে বাকি গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগুয়েজ। অন্য দিকে ওড়িশার হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন রহিম আলি।
১৪ মিনিটে এগিয়ে গেল মোহনবাগান
আগের ম্যাচে মহমেডান স্পোর্টিং-কে ৫-১ ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ম্যাচ শুরু করে মোহনবাগান। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা, আর তুলনামূলকভাবে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখায় ওড়িশাকে।
ম্যাচের ১৪ মিনিটে সেই চাপের ফল পায় মোহনবাগান। চমৎকার এক আক্রমণাত্মক মুভ থেকে গোলের সূচনা। দিমিত্রি পেত্রাতোস বুদ্ধিদীপ্ত ব্যাক-হিল পাসে বল বাড়িয়ে দেন শুভাশিস বোসের দিকে। বাম প্রান্ত দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বোস বক্সের মধ্যে দারুণ একটি ক্রস তোলেন। সেখানে লাফিয়ে উঠে শক্ত হেডে বল জালে জড়ান ম্যাকলারেন এবং ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান।

দিমিত্রি পেত্রাতোসকে আটকানোর চেষ্টা ওড়িশার ডিফেন্ডারদের। ছবি Mohun Bagan Super Giant ‘X’ থেকে নেওয়া।
প্রথমার্ধেই হ্যাটট্রিক ম্যাকলারেনের
২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সবুজ-মেরুন ব্রিগেড। মাঝমাঠ থেকে পেত্রাতোসের নিখুঁত লং পাস ধরে ফেলেন লিস্টন কোলাসো। তিনি দক্ষতার সঙ্গে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের মধ্যে ম্যাকলারেনের দিকে বল বাড়িয়ে দেন। চাপের মধ্যেও ঠান্ডা মাথায় গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অজি স্ট্রাইকার।
এর পরও আক্রমণ থামায়নি মোহনবাগান। ম্যাচের তৃতীয় গোলটি আসে দুর্দান্ত এক দূরপাল্লার শটে। স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগুয়েজ প্রায় ৩৫ গজ দূর থেকে শক্তিশালী শট নেন, যা আটকানোর কোনো সুযোগই পাননি ওড়িশার গোলরক্ষক অমরিন্দর সিংহ। ফলে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহনবাগান।
তবে প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ করে ওড়িশা। ৪৩ মিনিটে রহিম আলি একটি লম্বা বল চমৎকারভাবে নিয়ন্ত্রণে এনে মোহনবাগানের ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বেরিয়ে যান। এর পর এগিয়ে আসা গোলরক্ষক বিশাল কাইথকে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান কমান তিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে লিস্টন কোলাসোর আরেকটি নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ম্যাকলারেন।


জয়ের পরে মোহনবাগানের উল্লাস। ছবি Mohun Bagan Super Giant ‘X’ থেকে নেওয়া।
দ্বিতীয়ার্ধে ম্যাকলারেনের আরও এক গোল
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি গোল করে ম্যাচে নিজের চতুর্থ গোলটি যোগ করেন ম্যাকলারেন এবং মোহনবাগানের ৫-১ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা শিরোপা রক্ষার দৌড়ে শক্ত অবস্থান বজায় রাখল। অন্য দিকে ওড়িশা এফসি এই মরসুমে প্রথম হারল। এর আগে দুটি ম্যাচ ড্র করার পর তিন ম্যাচে তাদের সংগ্রহ রইল মাত্র দুই পয়েন্ট। সামনে ভালো ফল পেতে গেলে দলটিকে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করতেই হবে।
এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মোহনবাগানের ব্রাজিলিয়ান প্লে-মেকার রবসন রবিনহোকে। আগের ম্যাচে রবিনহোর হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে তাঁর অনুপস্থিতিতেও আক্রমণে কোনো ঘাটতি দেখা যায়নি।
