গত মরসুমে আইএসএলের লিগ-শিল্ড ও কাপ জেতা মোহনবাগান সুপার জায়ান্ট নতুন মরসুমেও জয় দিয়েই পথচলা শুরু করল। কেরল ব্লাস্টার্সকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন। গোল করলেন জেমি ম্যাকলারেন ও টম অলড্রেড।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল মোহনবাগানের দখলে। মাঝমাঠে দিমিত্রি পেত্রাতোস খেলা সাজাচ্ছিলেন, বাঁ দিক দিয়ে রবসনের আক্রমণ কেরল রক্ষণকে চাপে রাখে। ৩২ মিনিটে ফ্রিকিক পেলেও লিস্টন কোলাসোর শট রুখে দেন কেরল গোলকিপার সচিন।
প্রথমার্ধের শেষের দিকে ডান দিক থেকে উঠে এসে পেত্রাতোস বক্সে পাস দেন। সেই বল সামলে ঘুরে দাঁড়িয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ম্যাকলারেন। দুই অস্ট্রেলীয় ফুটবলারের বোঝাপড়া এগিয়ে দেয় মোহনবাগানকে।
– বিজ্ঞাপন –
দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ হাতছাড়া হলেও সংযুক্তি সময়ে অনিরুদ্ধ থাপার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন অলড্রেড। তাতে ম্যাচ সিলমোহর পায়।
ম্যাচের মাঝেই গ্যালারিতে নজর কাড়ে সমর্থকদের টিফো। বাঙালি-বিদ্বেষ ও পরিযায়ী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে টিফোয় লেখা ছিল— “বাঙালি ভারতকে দিয়েছে সম্মান, শিখিয়েছে মৈত্রী, নেতৃত্ব…”। সেখানে সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, শিবদাস ভাদুড়ি ও লিয়েন্ডার পেজের ছবি ছিল।
মাঠে জয়, গ্যালারিতে বার্তা—দুই দিকেই শক্তিশালী সূচনা করল মোহনবাগান।
