মোহনবাগান সুপার জায়ান্ট: ৫ (রবসন ২, ম্যাকলারেন, মনবীর সিংহ, পেত্রাতোস)
মহমেডান এসসি: ১ (লালথানকিমা)
খবর অনলাইন ডেস্ক: কলকাতার ঐতিহ্যবাহী ডার্বিতে একতরফা আক্রমণাত্মক ফুটবল উপহার দিল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবকে ৫-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল সবুজ-মেরুন বাহিনী।
মোহনবাগান কোচ সের্হিও লোবেরা চারটি পরিবর্তন করে দল সাজান — অমেয় রানাওয়াড়ে, মনবীর সিং, দীপক তাংরি ও জেসন কামিংসকে প্রথম একাদশে সুযোগ দেন। অন্য দিকে মহামেডান কোচ মেহরজুদ্দিন ওয়াদু মিডফিল্ডে দুটি পরিবর্তন আনেন, লালথানকিমা ও লালনগাইহসাকাকে দলে নেন। তারা এ দিনও সম্পূর্ণ ভারতীয় খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে।
এই জয়ের ফলে মোহনবাগান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে জামশেদপুর এফসিকে পিছনে ফেলে সাময়িক ভাবে লিগ টেবিলের শীর্ষে উঠে এল। অন্য দিকে, টানা ৩টি ম্যাচে হেরে মহামেডান এসসি থাকল টেবিলের একেবারে নীচে। এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন আজেভেদো।

গোল করলেন জেমি ম্যাকলারেন।
শুরুতেই চমক, তার পর বাগানের ঝড়
ম্যাচের শুরু থেকেই দ্রুত গতির ফুটবল দেখা যায়। প্রথম মিনিটেই কর্নার আদায় করে নেয় মোহনবাগান। জেসন কামিংসের শট আটকানো হয়, রবসন দূরপাল্লার শটে মহমেডানের গোলরক্ষক শুভজিত ভট্টাচার্যকে পরীক্ষা করে নেন।
কিন্তু ১২ মিনিটে চমক দেয় মহামেডান। ডান দিক থেকে লালনগাইহসাকার নেওয়া নিখুঁত কর্নার থেকে লালথানকিমা হেডে বল মোহনবাগানের জালে জড়ান। বিশাল কইথের কিছুই করার ছিল না। ১-০ গোলে এগিয়ে যায় মহামেডান।
প্রথমার্ধেই ম্যাচের ফল প্রায় নিশ্চিত
মহামেডানের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২২ মিনিটে ব্রাজিলের রবসন রবিনহোর বক্সের বাঁ দিক থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান (১-১)। চার মিনিট পর আবার রবসন! বক্সের ভেতরে আলগা বল পেয়ে নিখুঁত ফিনিশে ২-১ করেন তিনি।
৩৫ মিনিটে জেমি ম্যাকলারেন মহামেডান ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে কাছ থেকে গোল করে ব্যবধান বাড়ান ৩-১। বিরতির আগে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় মোহনবাগান।


গোল পেলেন দিমিত্রি পেত্রাতোস।
দ্বিতীয়ার্ধেও একচ্ছত্র আধিপত্য
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ চালিয়ে যায় বাগান। ৬২ মিনিটে অভিষেক সিংহের ক্রস থেকে মনবীর সিংহের ডাইভিং হেড সাজ্জাদ হোসেনের গায়ে লেগে জালে ঢোকে — স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
৭০ মিনিটে দূরপাল্লার জোরালো শটে দিমিত্রি পেত্রাতোস পঞ্চম গোলটি করেন। বল পোস্টে লেগে জালে জড়ায়। এর পর লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ ও ম্যাকলারেন আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও শুভজিত ভট্টাচার্যের দারুণ সেভে স্কোরলাইন আর বাড়েনি।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয়ে ডার্বি নিজেদের দখলে রাখে মোহনবাগান সুপার জায়ান্ট।
ছবি: সঞ্জয় হাজরা
