অফলাইনে আধার কার্ডের তথ্য সংগ্রহে এবার কঠোর নিয়ম আনতে চলেছে কেন্দ্র। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) আধার যাচাই প্রক্রিয়ায় বড়সড় বদল ঘোষণা করল। শীঘ্রই হোটেল, ইভেন্ট অর্গানাইজারের মতো সংস্থাগুলির জন্য কার্যকর হবে নতুন QR-ভিত্তিক আধার যাচাই প্রক্রিয়া।
ইউআইডিএআই–এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এতদিন হোটেল বা বিভিন্ন ইভেন্ট সংগঠক সংস্থা অফলাইনে আধারের ফটোকপি বা তথ্য সংগ্রহ করে পরিচয় যাচাই করত। এবার থেকে সেই পদ্ধতি বন্ধ হবে। সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং QR কোড স্ক্যান করে বা নতুন অ্যাপ ব্যবহার করে আধার যাচাই করতে হবে।
ভুবনেশ কুমারের কথায়, “নতুন নিয়মের অনুমোদন ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য—অফলাইনে আধারের তথ্য সংগ্রহ বন্ধ করা।”
তিনি আরও জানান, সার্ভারের সমস্যা হলে আধারের মূল তথ্যভান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেক সময় যাচাই প্রক্রিয়া বিলম্বিত হতো। নতুন QR-ভিত্তিক ব্যবস্থায় সেই সমস্যাও দূর হবে।
পরিবর্তন আসছে আধার কার্ডের নকশায়ও
ডেটা সুরক্ষা আরও জোরদার করতে আধার কার্ডের নকশাতেও আসছে বড় পরিবর্তন।
ইউআইডিএআই সূত্রে খবর—
- নতুন আধার কার্ডে আর থাকবে না নাম, ঠিকানা, বয়সের মতো ব্যক্তিগত তথ্য।
- দেখা যাবে শুধু ব্যক্তির ছবি ও একটি QR কোড।
- সেই QR কোডের মধ্যেই সংরক্ষিত থাকবে সমস্ত আধার সম্পর্কিত তথ্য।
- QR স্ক্যানের জন্য প্রয়োজন হবে নতুন অ্যাপ—‘Aadhaar QR Scanner’।
- অ্যাপটি ইতিমধ্যেই গুগল প্লে স্টোর ও অ্যাপল আইওএসে উপলব্ধ।
নাগরিকরা কোন কোন তথ্য শেয়ার করতে চান, যেমন—নাম, ঠিকানা বা বয়স—তা QR কোডের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে অফলাইনে আধারের প্রতিলিপি জমা দেওয়া বা তথ্য ফাঁসের আশঙ্কা কার্যত শেষ হবে বলে আশাবাদী ইউআইডিএআই কর্তৃপক্ষ।
লক্ষ্য—ব্যক্তিগত তথ্য সুরক্ষার সর্বোচ্চ নিশ্চয়তা
ডেটা চুরি, প্রতারণা ও জালিয়াতির ঘটনা রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। QR-ভিত্তিক যাচাই পদ্ধতি চালু হলে হোটেল বা ইভেন্ট অর্গানাইজারদের আর আধার ফটোকপি সংগ্রহ করার প্রয়োজন হবে না, ফলে নাগরিকদের তথ্য সুরক্ষিত থাকবে।
