অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার সম্পন্ন করা হবে—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আশ্বাস দেন।
রিজওয়ানা হাসান বলেন, শহীদ হাদির পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁর ভাষায়, ‘এই দেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই যারা আমাদের হাদিকে হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করে যাব।’
তিনি আরও বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল গভীরভাবে মর্মান্তিক। ব্যক্তিগতভাবে তাঁকে নিজের ভাইয়ের মতো মনে করতেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের জন্য তাঁর শহীদ হয়ে যাওয়াটা একটি অপূরণীয় ক্ষতি। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তাঁর হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের জন্য একটি জাতীয় দায়িত্ব।
তদন্তের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, অন্তর্বর্তী সরকার আন্দোলনকারীদের মতো শাহবাগে অবস্থান না করলেও, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেই এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা তদন্তকে দুর্বল করতে পারে।
রিজওয়ানা হাসান জানান, প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে মামলার চার্জশিট যথাযথভাবে দাখিল করা হবে। তাঁর আশা, ২০২৫ সালের ৭ জানুয়ারির পর চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে এবং অন্তর্বর্তী সরকারের সময়েই দ্রুত বিচার কার্যক্রম শেষ করা যাবে।
তিনি অতীতের একটি উদাহরণ টেনে বলেন, আসিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই সরকার এবারও শক্ত ও নির্ভুল চার্জশিট দিতে চায়, যাতে কোনো আইনি ফাঁকফোকর না থাকে।
পলাতক আসামিদের বিষয়ে উপদেষ্টা জানান, কেউ দেশত্যাগ করে থাকলেও তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চলবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে এবং সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।
তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, হত্যাকাণ্ড সংক্রান্ত বিস্তারিত জানাতে আগামীকাল সকাল সাড়ে ৬টায় ডিবি পুলিশ সংবাদ সম্মেলন করবে।
